মোঃ সাগর আহমেদ নবীগঞ্জ( হবিগঞ্জ)
নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদে দিনব্যাপী নানা কর্মসূচি ও পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আয়োজিত এসব কর্মসূচির মধ্যে ছিল কোমলমতি শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ, আধুনিক ডিজিটাল ক্লাসরুম উদ্বোধন, বিদ্যালয় পরিদর্শন এবং সামাজিক সচেতনতামূলক আলোচনা সভা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন। এ সময় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সকালে করগাঁও ইউনিয়নের রজনীগন্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিশু শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়। নতুন ব্যাগ হাতে পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে। সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন, এই উপহার শিক্ষার্থীদের নিয়মিত স্কুলে আসা ও পাঠদানে আগ্রহ আরও বাড়িয়ে তুলবে। এরপর করগাঁও ইউনিয়নের বড় সাকোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি আধুনিক ডিজিটাল ক্লাসরুমের উদ্বোধন করা হয়। এর মধ্য দিয়ে শিক্ষার্থীদের মাঝে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর পাঠদানের নতুন দুয়ার উন্মোচিত হলো। একই দিন হাজী আঞ্জব আলী উচ্চ বিদ্যালয় আকস্মিক পরিদর্শন করেন ইউএনও। পরিদর্শনকালে তিনি পাঠদান কার্যক্রম, শিক্ষার্থীদের উপস্থিতি ও প্রতিষ্ঠানের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন।এছাড়াও দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে করগাঁও ইউনিয়ন পরিষদ পরিদর্শন করা হয়। সেখানে ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও বিদ্যমান সামাজিক সমস্যা নিয়ে একটি গুরুত্বপূর্ণ সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় দুর্নীতি প্রতিরোধ, মাদকের অপব্যবহার, নারী ও শিশু নির্যাতন, যৌতুক নিরোধ, দাঙ্গা-হাঙ্গামা রোধ এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। আলোচনায় করগাঁও ইউনিয়নের বিভিন্ন সমস্যা চিহ্নিত করা হয় এবং সেসব সমাধানে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে করণীয় বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোকপাত করা হয়। সংশ্লিষ্টরা জানান, সম্মিলিত উদ্যোগ ও সমন্বয়ের মাধ্যমে চিহ্নিত সমস্যাগুলো দ্রুত সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।
নবীগঞ্জে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ ডিজিটাল ক্লাসরুম উদ্বোধন ও সচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
November 26, 2026 6:00 PM






