কৃষি ডেস্কঃ পাহাড়ি অঞ্চলে কৃষির আধুনিকায়ন ও যান্ত্রিক প্রযুক্তির কার্যকর সম্প্রসারণে এলএসটিডি প্রকল্পের আওতায় খাগড়াছড়ি জেলার পাইলটপাড়া প্রযুক্তি গ্রামে রাইস ট্রান্সপ্ল্যান্টারের মাধ্যমে প্রায় ১৫ বিঘা জমিতে আমন ধানের যান্ত্রিক চারা রোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় কৃষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পরিচালিত এ কার্যক্রম পাহাড়ি কৃষিতে প্রযুক্তিনির্ভর উৎপাদন ব্যবস্থার প্রসারে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রি আঞ্চলিক কার্যালয়, খাগড়াছড়ির প্রধান ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খাগড়াছড়ির অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ ওঙ্কার বিশ্বাস। এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ, কৃষি বিভাগের কর্মকর্তাবৃন্দ এবং বিপুলসংখ্যক স্থানীয় কৃষক উপস্থিত থেকে যান্ত্রিক পদ্ধতিতে ধানের চারা রোপণের কার্যক্রম প্রত্যক্ষ করেন।
উল্লেখ্য, এলএসটিডি প্রকল্পের অর্থায়নে অংশগ্রহণকারী কৃষকদের মধ্যে পূর্বেই সার, বালাইনাশক ও সাইনবোর্ড বিতরণ করা হয়েছে। স্থানভিত্তিক ধানের জাত ও আধুনিক কৃষি প্রযুক্তির সমন্বিত প্রয়োগের মাধ্যমে পাহাড়ি অঞ্চলে টেকসই ও স্মার্ট কৃষি ব্যবস্থার ভিত্তি সুদৃঢ় করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।








