লোড হচ্ছে...
বাকৃবিতে ৩২তম বিএসভিইআর বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলন অনুষ্ঠিত - Daily Crime Report

বাকৃবিতে ৩২তম বিএসভিইআর বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলন অনুষ্ঠিত

August 8, 2026 5:54 PM

কৃষি ডেস্কঃ বাংলাদেশ সোসাইটি ফর ভেটেরিনারি এডুকেশন অ্যান্ড রিসার্চ (BSVER)-এর উদ্যোগে আজ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে “The 32nd BSVER Annual Scientific Conference (BSVER ASCon XXXII)”-এর উদ্বোধনী অধিবেশন সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য বিষয় ছিল “Translating Veterinary Education and Research into Sustainable Livestock Development and Global Health”।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব সুলতান সালাউদ্দিন টুকু, এমপি। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। অনুষ্ঠানে চিফ প্যাট্রন হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো. বাহানুর রহমান, ডিন, ভেটেরিনারি সায়েন্স অনুষদ ও সিন্ডিকেট সদস্য, বাকৃবি, মো. শাহজামান খান, মহাপরিচালক, প্রাণিসম্পদ অধিদপ্তর, বাংলাদেশ ও ড. এ কে এম খসরুজ্জামান, ব্যবস্থাপনা পরিচালক, ইন্টার এগ্রো বিডি লিঃ ।

বিএসভিইআর এর সভাপতি ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: আলীমুল ইসলামের সভাপতিত্বে এবং বাকৃবি প্রফেসর ড. সুকুমার সাহার সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন অর্গানাইজিং চেয়ার প্রফেসর ড. মো: মাহাবুব আলম। পরে বিএসভিইআর’ এর পক্ষ থেকে প্রধান অতিথি, সন্মানিত অতিথি, প্রধান পৃষ্ঠপোষক এবং বিশেষ অতিথিদের সন্মাননা স্মারক প্রদান করা হয়। সম্মেলনে অ্যানুয়াল লেকচার অ্যাওয়ার্ড প্রদান করা হয় বাকৃবির ফিজিওলজি বিভাগের অধ্যাপক ড. এম. মঈনুদ্দিন-কে। তার মেয়ে প্রফেসর ড. জাহিদা মঈন পক্ষে অ্যাওয়ার্ড গ্রহণ করেন। এছাড়াও বাকৃবি শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ প্রধান অতিথির নিকট একটি স্মারকলিপি প্রদান করেন।

অনুষ্ঠানটির আয়োজক কমিটির দায়িত্বে ছিলেন অর্গানাইজিং চেয়ার প্রফেসর ড. মো. মাহবুব আলম এবং অর্গানাইজিং সেক্রেটারি প্রফেসর ড. তাহসিন ফারজানা। অনুষ্ঠানের সমাপনী সেশনের সভাপতিত্ব করেন বিএসভিইআর-এর সভাপতি ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম।

প্রধান পৃষ্ঠপোষকের বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল ভূঁইয়া ১৯৫২ সন থেকে শুরু করে ২০২৪ সন পর্যন্ত এদেশের ভাষার অধিকার, স্বাধীনতা ও গণতন্ত্রের অগ্রযাত্রায় আন্দোলন সংগ্রামে যেসকল বীর সেনানী শহীদ হয়েছেন, আহত হয়েছেন তাদের সবার প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। বাংলাদেশের মানুষের খাদ্য ও পুস্টি নিরাপত্তায় বিশেষত মৎস্য ও প্রাণীজ আমিষের ঘাটতি মোকাবিলায় বাকৃবির অবদান বিশেষভাবে উল্লেখ করেন। তিনি এদেশের সকল কৃষক ও খামারের টেকসই উন্নয়নের লক্ষ্যে যেসমস্ত উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন সেসমস্ত উদ্যোগ অনতিবিলম্বে গ্রহণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নিকট জোর দাবি পেশ করেন।

গেস্ট অব অনার হিসেবে ময়মনসিংহ-৪ (সদর) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বাংলাদেশের খাদ্য ও পুস্টি নিরাপত্তায় বাকৃবি এবং এই বিশ্ববিদ্যালয়ের কৃতি গ্র্যা়জুয়েটদের অবদান কৃতজ্ঞার সঙ্গে স্মরণ করেন।তিনি বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন কর্মসূচীর কথা উল্লেখ করেন এবং এধরণের বৈজ্ঞানিক সম্মেলন দেশের বর্তমান বাস্তবতায় খুবই প্রাসঙ্গিক বলে উল্লেখ করে এই সম্মেলনের সফলতা কামনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় মৎস্য ও প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু শুরুতেই বাংলাদেশের মানুষের মাছ ও প্রাণীজ প্রোটিনের চাহিদা পূরণে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অবদানকে বিশেষভাবে কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।তিনি একইসাথে ১৯৭১ সনের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সনের ছাত্র-জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানে শহীদ এবং আহতদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। বর্তমান সরকার মৎস্য ও প্রাণী সম্পদ খাতে অগ্রাধিকার ভিত্তিতে ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছেন বলে তিনি উল্লেখ করে বলেন যে স্বাধীনতার মহান ঘোষকের দল হচ্ছে বিএনপি। যিনি বাকশাল থেকে এই দেশের মানুষকে বহুদলীয় গণতন্ত্র দিয়েছেন। বিএনপি একটি আধুনিক, উদার, গণতান্ত্রিক দল বিএনপি।যতবার বাংলাদেশের মানুষের নিরপেক্ষভাবে ভোট দেওয়ার সুযোগ হয়েছে, ততবার বাংলাদেশের মানুষ বিএনপিকে বেছে নিয়েছে। এখন পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী যে কয়টা পদক্ষেপ নিয়েছেন, জনগণের স্বার্থে নিয়েছেন। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ করেছেন, ইমাম-মুয়াজ্জিনদের বেতন-ভাতা দিয়েছেন, বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছেন। বিগত ফ্যাসিস্টরা বন উজাড় করে ফেলেছে। যেজন্য মাননীয় প্রধানমন্ত্রী আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচি ঘোষণা করেছেন এবং নদী ও খাল খনন কর্মসুচী চলমান রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী বলে থাকেন—’আমার আগে আমরা, আমাদের আগে দেশ, সবার আগে বাংলাদেশ।’ এই কথাগুলো হ্রদয়ে ধারণ করে সবাইকে এগিয়ে যেতে হবে বলে তিনি উল্লেখ করেন এবং বলেন, সম্মিলিতভাবে আমরা এগিয়ে যাব। তিনি এই সম্মেলনের সফলতা কামনা করে শুভ উদ্বোধন ঘোষণা করেন।

উল্লেখ্য বাংলাদেশ সোসাইটি ফর ভেটেরিনারি এডুকেশন অ্যান্ড রিসার্চের (বিএসভিইআর) আয়োজনে বাকৃবিতে তিন দিনব্যাপী ৩২তম বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলনের দ্বিতীয় দিনে আয়োজিত এই মূল সম্মেলনে দেশের বিভিন্ন ভেটেরিনারি শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের গবেষক, শিক্ষক ও প্রাণিসম্পদ খাতের বিশেষজ্ঞগণ উপস্থিত ছিলেন। দেশ-বিদেশের বিজ্ঞানী, গবেষক, শিক্ষক, প্রাণিচিকিৎসক, নীতিনির্ধারক, প্রাণিসম্পদ খাতের উদ্যোক্তা এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ১৬টি সমান্তরাল বৈজ্ঞানিক অধিবেশনে মোট ৩১৮টি গবেষণাপত্র উপস্থাপন করা হবে। এর মধ্যে ১১৬টি মৌখিক এবং ২০২টি পোস্টার উপস্থাপনা রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন
🔗 0 শেয়ার
ফন্ট সাইজ:

Leave a Comment