লোড হচ্ছে...
রামেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট ও দালাল চক্রের দৌরাত্ম্য বন্ধের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি প্রদান​ - Daily Crime Report

রামেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট ও দালাল চক্রের দৌরাত্ম্য বন্ধের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি প্রদান​

August 31, 2026 1:48 PM

​ আজ ৩১ আগষ্ট রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও সংলগ্ন এলাকায় অ্যাম্বুলেন্স সিন্ডিকেট ও দালাল চক্রের দৌরাত্ম্য নিয়ন্ত্রণ, নিরাপত্তা জোরদার এবং নিয়মিত অভিযান পরিচালনার দাবিতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করেছে রাজশাহী মহানগর ছাত্রদল।
​উত্তরাঞ্চলের সর্ববৃহৎ সরকারি এই চিকিৎসা প্রতিষ্ঠানে প্রতিদিন হাজার হাজার রোগী ও তাদের স্বজনরা সেবা নিতে আসেন। তবে হাসপাতাল চত্বর, জরুরি বিভাগ, প্রধান ফটক এবং সংলগ্ন অ্যাম্বুলেন্স স্ট্যান্ডকে কেন্দ্র করে সক্রিয় কিছু চক্র সাধারণ মানুষকে নানাভাবে হয়রানি ও প্রতারণা করে আসছে। অসুস্থ রোগী ও বিপদগ্রস্ত স্বজনদের অসহায়ত্বকে পুঁজি করে এসব সিন্ডিকেট অতিরিক্ত অর্থ আদায়সহ বিভিন্ন উপায়ে আর্থিকভাবে শোষণ করছে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়।
​স্মারকলিপিতে জানানো হয়, হাসপাতাল এলাকায় সক্রিয় দালাল চক্র রোগীদের বিভ্রান্ত করে বিভিন্ন বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে নিয়ে যাওয়ার চেষ্টা চালায়। এছাড়া ফিটনেসবিহীন গাড়ি অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহার, নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায়, মৃতদেহ জিম্মি করে রাখা এবং রোগী ও স্বজনদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ নিয়মিত পাওয়া যাচ্ছে। অনেক সময় বাইরের বৈধ অ্যাম্বুলেন্সগুলোও হাসপাতাল এলাকা থেকে রোগী পরিবহনে বাধার সম্মুখীন হয়। বহিরাগত দালালদের অবাধ বিচরণের ফলে হাসপাতালের সুষ্ঠু চিকিৎসা পরিবেশ মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।


​জনস্বার্থে এবং রোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে বেশ কিছু জোরালো দাবি জানিয়েছে ছাত্রদল। এর মধ্যে রয়েছে হাসপাতাল ও এর আশপাশে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট ও দালাল চক্রের বিরুদ্ধে নিয়মিত ও বিশেষ অভিযান পরিচালনা করা, পুলিশি টহল ও নজরদারি বৃদ্ধি করা এবং হয়রানির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ। এ ছাড়া অ্যাম্বুলেন্স সেবাকে শৃঙ্খলার আওতায় আনতে নির্দিষ্ট ভাড়া তালিকা প্রদর্শন, প্রয়োজনে অ্যাপভিত্তিক বা পুলিশি তত্ত্বাবধানে অ্যাম্বুলেন্স পরিচালনা করার উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়। পাশাপাশি হাসপাতাল এলাকাকে দালালমুক্ত ঘোষণা, সিসিটিভি নজরদারি জোরদার এবং দ্রুত অভিযোগ জানানোর মাধ্যমে তাৎক্ষণিক পুলিশি সহায়তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।


​স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবির, যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ তপন, রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক আজিজুর রহমান কাফি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি সাফিউল আলম এবং নিউ গভঃ ডিগ্রী কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইমরান আলী রিজুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুন
🔗 0 শেয়ার
ফন্ট সাইজ:

Leave a Comment