সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার সিলেট বিভাগীয় ইনচার্জ কবির আহমদের ওপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার বিকেলে কোম্পানীগঞ্জ থেকে সিলেট নগরে ফেরার পথে ভোলাগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ উছমান গনি হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও কবির আহমদের সহকর্মীদের ভাষ্য অনুযায়ী, কয়েকজন সহকর্মীকে নিয়ে ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটনকেন্দ্র ঘুরে সিলেটে ফিরছিলেন কবির আহমদ। পথে একটি প্রাইভেট কার তাঁদের বহনকারী মাইক্রোবাসের খুব কাছাকাছি এসে কয়েকবার ঝুঁকিপূর্ণভাবে চলাচল করে। একই সময়ে কারটি একটি সিএনজি অটোরিকশাকেও হালকা ধাক্কা দিয়ে দ্রুতগতিতে সামনে চলে যায়।
এরপর মাইক্রোবাসটি প্রাইভেট কারটির পাশে গিয়ে চালককে মহাসড়কে সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর অনুরোধ জানায়। অভিযোগ রয়েছে, এর কিছুক্ষণ পর প্রাইভেট কারটি সামনে গিয়ে রাস্তার ওপর থেমে মাইক্রোবাসের পথরোধ করে।
কবির আহমদের সহযাত্রীরা জানান, প্রাইভেট কার থেকে নেমে কয়েকজন যুবক প্রথমে মাইক্রোবাসের চালককে মারধর শুরু করেন। চালককে রক্ষা করতে এগিয়ে গেলে সাংবাদিক কবির আহমদের ওপরও হামলা চালানো হয়। পরে স্থানীয় আরও কয়েকজন ঘটনাস্থলে এসে হামলায় অংশ নেন বলে অভিযোগ করেন তাঁরা।
এ সময় টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আহত কবির আহমদ ও অন্যদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
কোম্পানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ উছমান গনি বলেন, টহল পুলিশ সড়কে জটলা দেখে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের হাসপাতালে পাঠায়। তবে ঘটনাস্থলে স্থানীয় লোকজনের ভিড় থাকায় হামলাকারীদের তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি।
ওসি আরও বলেন, আহত সাংবাদিককে হাসপাতালে গিয়ে দেখে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন। হামলাকারীদের ব্যবহৃত গাড়ি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় পুলিশ শনাক্ত করেছে। এ ঘটনায় মামলা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।




