কৃষি ডেস্কঃ চট্টগ্রামে গত জুলাই মাসের প্রথম সপ্তাহে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছিল চট্টগ্রামের কৃষিখাত। বিশেষ করে চট্টগ্রাম দক্ষিণের সাত উপজেলায় বন্যার পানির তোড়ে নষ্ট হয়ে যায় আমনের বীজতলা ও রোপণের জন্য প্রস্তুত করা চারা। এতে অনেক কৃষক সময় মতো আমন আবাদ নিয়ে অনিশ্চয়তায় পড়েছিলেন।
তবে বন্যার পানি নেমে যাওয়ার পর সরকারি সহায়তা, নতুন করে বীজতলা তৈরি এবং কৃষকদের দ্রুত উদ্যোগে পরিস্থিতি বদলে যায়। বন্যার সেই ধকল কাটিয়ে জেলার বিভিন্ন উপজেলার গ্রামীণ জনপদের বিস্তীর্ণ জমিতে এখন আমনের চারা রোপণের ব্যস্ততা।
দ্রুততার সাথে জমিতে চাষ দেওয়া, বীজতলা থেকে চারা নিয়ে রোপণ আর প্রয়োজনীয় সার প্রয়োগে কৃষকের বাড়তি উৎসাহ— সব মিলিয়ে তৈরি হয়েছে নতুন এক সবুজ বপনের উৎসব। ইতোমধ্যে জেলার বিস্তীর্ণ জমি সবুজ চারায় ভরে উঠছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চট্টগ্রাম এর উপ-পরিচালক আপ্রু মারমা বাসসকে জানান, চলতি মৌসুমে জেলার ১৫টি উপজেলায় ১ লাখ ৭৯ হাজার ৯৮০ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ২৭ আগস্ট পর্যন্ত আবাদ হয়েছে প্রায় ১ লাখ ৪৪ হাজার হেক্টর জমি। আবহাওয়া অনুকূল থাকায় এবং ডোবা জমিগুলোতে পানি কমে আসায় আগামী দুই সপ্তাহে আবাদের গতি আরও বাড়বে। আগামী ১৫ অক্টোবর পর্যন্ত আমন আবাদের সময় রয়েছে। এতে আগামীতে আরও উল্লেখযোগ্যসংখ্যক জমি চাষাবাদের আওতায় আসবে এবং এবার লক্ষ্যমাত্রাও ছাড়িয়ে যেতে পারে।’
তিনি বলেন, ‘সার নিয়ে কোনো ধরনের অনিয়ম বা সংকটের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। বাজারে সারের সরবরাহ ও মূল্য পরিস্থিতি নিয়েও নজরদারি রাখা হচ্ছে। সার নিয়ে কৃত্রিম সংকট কিংবা অতিরিক্ত দাম নেওয়ার সুযোগ কোনোভাবেই দেওয়া হবে না। কৃষি বিভাগ ও প্রশাসন এ বিষয়ে সতর্ক রয়েছে।’










