লোড হচ্ছে...
চুয়াডাঙ্গা সদরের নূরনগরে ওপেন হাউস ডে, মাদকবিরোধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত - Daily Crime Report

চুয়াডাঙ্গা সদরের নূরনগরে ওপেন হাউস ডে, মাদকবিরোধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

September 15, 2026 11:43 AM

মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদার এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার নূরনগর গ্রামে ওপেন হাউস ডে, মাদকবিরোধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৪ সেপ্টেম্বর বিকাল ০৫:০০ ঘটিকায় চুয়াডাঙ্গা সদর থানার উদ্যোগে নূরনগর গ্রামের সর্বস্তরের জনগণের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ রুহুল কবীর খান, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা।

সভায় মাদকের ভয়াবহতা ও ক্ষতিকর প্রভাব, মাদকাসক্তির কারণে ব্যক্তি, পরিবার ও সমাজে সৃষ্ট নানা সমস্যা, মাদক কারবারের সামাজিক কুফল এবং মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ জনগণের দায়িত্ব ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার জনাব মোহাম্মদ রুহুল কবীর খান বলেন, “মাদক একটি ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। মাদক নির্মূলে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়; প্রয়োজন সামাজিক প্রতিরোধ, জনসচেতনতা ও জনগণের সক্রিয় অংশগ্রহণ।” তিনি মাদক কারবারি ও মাদকাসক্তদের বিষয়ে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার পাশাপাশি অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা এবং সমাজের সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, চুয়াডাঙ্গাকে মাদকমুক্ত করতে জেলা পুলিশ নিয়মিত মাদকবিরোধী অভিযান ও আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জনসচেতনতা সৃষ্টিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মাদকাসক্ত ব্যক্তিদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পরিবার ও সমাজকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ রফিকুল ইসলাম, উপপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা; জনাব মোঃ মারুফ রহমান, অফিসার ইনচার্জ, সদর থানা, চুয়াডাঙ্গা; জনাব মোঃ সিরাজুল ইসলাম মনি, সভাপতি, পৌর বিএনপি, চুয়াডাঙ্গাসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, সমাজসেবক ও নূরনগর গ্রামের সর্বস্তরের জনগণ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ গোলাম মুজদা, বিশিষ্ট সমাজসেবক, চুয়াডাঙ্গা।

মতবিনিময় পর্বে স্থানীয় জনগণ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয়ে তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন। পুলিশ সুপার জনগণের বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

সভায় বক্তারা মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও বেগবান করতে পুলিশ-জনগণের সমন্বিত উদ্যোগ, পারস্পরিক সহযোগিতা ও তথ্য আদান-প্রদানের ওপর গুরুত্বারোপ করেন।

চুয়াডাঙ্গা জেলা পুলিশ মাদকমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে জেলার সর্বস্তরের জনগণের সর্বাত্মক সহযোগিতা কামনা করছে।

এই সংবাদটি শেয়ার করুন
🔗 0 শেয়ার
ফন্ট সাইজ:

Leave a Comment