ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মকর্তা নিহত, বিয়ে করেছিলেন ৫ দিন আগে
স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ
ঝিনাইদহ সদর উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাজিম হোসেন (২৫) নামে এক এনজিও কর্মকর্তা নিহত হয়েছেন। বিয়ে করার মাত্র পাঁচ দিনের মাথায় ঘটা এই মর্মান্তিক ঘটনায় পরিবার ও স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সোমবার (৩ আগস্ট) রাত আনুমানিক ৯টার দিকে সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নস্থ শরিফুল তেল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাজিম হোসেন সদর উপজেলার পদ্মকর ইউনিয়নের কাশিমপুর গ্রামের রুহুল আমিনের ছেলে। তিনি ফরিদপুরে একটি বেসরকারি সংস্থায় (এনজিও) কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, সাজিম ব্যক্তিগত কাজে মোটরসাইকেল যোগে বাড়ি থেকে ঝিনাইদহ শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে শরিফুল তেল পাম্পের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির অজ্ঞাত যানবাহন তার মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হন।
পরবর্তীকালে স্থানীয় আশপাশের লোকজন তাকে রক্তাক্ত ও গুরুতর অবস্থায় দ্রুত উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। চালক ও দুর্ঘটনাকবলিত যানবাহনটি শনাক্তে কাজ করছে পুলিশ। আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।







