মোঃ সাগর আহমেদ নবীগঞ্জ হবিগঞ্জ
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৩২ কেজি গাঁজাসহ মো. আলম মিয়া (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গত ৩০ অক্টোবর শুক্রবার ভোররাতে ঢাকা-সিলেট মহাসড়কে এই অভিযান পরিচালিত হয়।
এসআরবি-৯, সিপিসি-৩ (শায়েস্তাগঞ্জ ক্যাম্প), সূত্রে জানা যায়, ৩০ অক্টোবর ভোর আনুমানিক ৩টা ২৫ মিনিটে গোপন সংবাদের মাধ্যমে আভিযানিক দল জানতে পারে যে, মাধবপুর থানা এলাকা থেকে একটি কালো রঙের নোয়া গাড়িতে করে মাদকদ্রব্য সিলেতের দিকে পাচার করা হচ্ছে। এই তথ্যের ভিত্তিতে এসআরবির একটি দল রাত ৩টা ৫৫ মিনিটের দিকে নবীগঞ্জ থানাধীন দেবপাড়া ইউনিয়নস্থ ঢাকা-সিলেট মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে। চেকপোস্ট চলাকালীন সন্দেহভাজন কালো রঙের নোয়া গাড়িটিকে থামার সংকেত দেওয়া হলে গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টাকালে মো. আলম মিয়াকে হাতেনাতে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে গাড়ির সিটের ভেতর থেকে দুটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। বস্তাগুলো তল্লাশি করে নীল রঙের পলিথিনের ওপর খাকি রঙের স্কচটেপ দিয়ে বিশেষভাবে মোড়ানো অবস্থায় মোট ৩২ কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত কালো রংয়ের নোয়াগাড়ি জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মো. আলম মিয়া (২৫) হবিগঞ্জ জেলার মাধবপুর থানার মেহেরপুর গ্রামের মৃত তৌহিদ মিয়ার ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে যে, সে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক গ্রেফতারকৃত আসামিকে জব্দ করা আলামতসহ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এসআরবি-৯ এর এমন গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
নবীগঞ্জে এসআরবি-৯ এর অভিযান ৩২ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
October 30, 2026 9:49 AM






