ভারত থেকে কাঁচা মরিচ আমদানির অনুমতি, প্রথম দিন এল প্রায় ৩০ টন
কৃষি ডেস্কঃ ভারত থেকে বাংলাদেশে কাঁচা মরিচ আমদানির অনুমতি দিয়েছে সরকার। গতকাল ৩ আগস্ট, ২০২৫ প্রথম চালানে এসেছে প্রায় ৩০ টন কাঁচা মরিচ। দেশের বাজারে গত কয়েকদিন ধরে কাঁচা মরিচের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি শুরু হয়েছে।
দেশে গত কয়েকমাসের টানা ভারী বৃষ্টিতে মরিচ উৎপাদনে নেমে এসেছে বড় ধরনের বিপর্যয়। অতিবৃষ্টির কারণে মাঠের অধিকাংশ মরিচ গাছ পচে ও মারা যাওয়ায় চরম লোকসানের মুখে পড়েছেন কৃষকরা। এদিকে মরিচের সরবরাহে ঘাটতি হওয়ায় ভোক্তা পর্যায়ে কেজি প্রতি দর বেড়ে দাঁড়িয়েছে ৩২০ টাকায়।
প্রায় সাড়ে আট মাস পর সোমবার ভারতীয় চারটি ট্রাকে ২৯ টন ৪৪০ কেজি কাঁচা মরিচ স্থলবন্দরে প্রবেশ করে বলে জানিয়েছেন হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী উজ্জ্বল হোসেন।
গতকাল আমদানির খবরে হিলি বন্দর এলাকায় খুচরা পর্যায়ে কাঁচা মরিচের দাম কমেছে কেজিতে ৩৩ টাকা। সকালে যে কাঁচামরিচ ২৮০ টাকায় বিক্রি হয়েছে; সেটি বিকালে ২৫০ টাকায় নেমে আসে।
সবশেষ ২০২৫ সালের ২০ নভেম্বর এ বন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি করা হয়। এরপর আমদানির অনুমতিপত্র (আইপি) বন্ধ হয়ে যায়।
হিলি স্থল কাস্টম স্টেশনের সহকারী কমিশনার খন্দকার সোলায়মান বলেন, বর্তমান দেশের বাজারে কাঁচা মরিচের দাম ঊর্ধ্বগতি হওয়ায় সরকার ভারত থেকে আমদানির অনুমতি দিয়েছে।
তিনি বলেন দ্রুত কাস্টমের সকল প্রক্রিয়া শেষে খালাস করা হচ্ছে। যাতে আমদানিকারকরা দ্রুত তাদের পণ্য বাজারে সরবরাহ করতে পারেন।










