সিলেটে ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম জোরদারে সিলেট সিটি করপোরেশনকে ১,০০০টি ডেঙ্গু কিট হস্তান্তর করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুস সালামের নির্দেশনায় এবং জাতীয় সদর দপ্তরের সহযোগিতায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সিলেট ইউনিটের উদ্যোগে সিলেট সিটি করপোরেশনের কাছে এসব ডেঙ্গু কিট হস্তান্তর করা হয়।
কিট হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সিলেট ইউনিটের পক্ষে উপস্থিত ছিলেন ইউনিটের ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান সেলিম, সেক্রেটারি মাহবুবুল হক চৌধুরী, সদস্য মাহবুব কাদির শাহী, আবু সাইদ, মো. ইব্রাহিম ও কামরুজ্জামান দীপু, সহকারী পরিচালক মিজানুর রহমান জীবন।
এ সময় আরও উপস্থিত ছিলেন যুব রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের যুব প্রধান চৌধুরী লাবিব ইয়াসির এবং যুব রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের সক্রিয় যুব সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের সহযোগিতা ডেঙ্গু মোকাবিলায় সিলেট সিটি করপোরেশনের কার্যক্রমকে আরও গতিশীল করবে।










