আজ (৯ সেপ্টেম্বর, বুধবার) সাধারণ দর্শনার্থীর মতো টিকিট কেটে সপরিবারে জুলাই জাদুঘর পরিদর্শন করেন বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর সঙ্গে ছিলেন ফার্স্ট লেডি রাহাত আরা বেগম। তিনি জাদুঘরের ‘লং ওয়াক টু ডেমোক্রেসি’ নামাঙ্কিত রাস্তাটি হেঁটে আমাদের গর্বের মুক্তিযুদ্ধ এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের বিভিন্ন ঐতিহাসিক ও রাজনৈতিক পদক্ষেপের ঘটনাবলীর চিত্র পর্যবেক্ষণ করেন । অতঃপর গত ১৬ বছরের ফ্যাসিবাদী শাসকের জুলুমে প্রাণ হারানো শহীদদের স্মরণে নির্মিত মেমোরিয়াল (প্রতীকী কবরস্থান) এবং আয়নাঘর রেপ্লিকা (প্রতীকী আয়নাঘর) ঘুরে দেখেন। জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে জাদুঘর প্রাঙ্গণে একটি স্মারক বৃক্ষ রোপণ করেন তিনি।
জাদুঘরের মূল ভবনে বিডিআর ম্যাসাকার, শাপলা ম্যাসাকার, গুমসংক্রান্ত সেকশনগুলো পরিদর্শন করেন। ২৪ এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর স্মারকও ঘুরে দেখেন তিনি। পরিশেষে, ‘মনসুন থিয়েটারে’ প্রদর্শিত একটি ডকুমেন্টারি ফিল্ম দেখে আবেগাক্রান্ত হয়ে পড়েন তিনি। এবং যাত্রা শেষে পরিদর্শন বইয়ে নিজ মন্তব্য সহ স্বাক্ষর করেন।
দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় শহীদ ও আগতদের শ্রদ্ধাভরে স্মরণ করেন তিনি। জাদুঘরটি একটি বিশ্বমানের শৈল্পিক কাজ হিসেবে গড়ে উঠেছে উল্লেখ করে এর পেছনে থাকা গবেষক, কিউরেটর, শিল্পী ও কুশীলবদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
রাষ্ট্রপতির জাদুঘর পরিদর্শনকালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, প্রধানমন্ত্রীর পলিসি এবং স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, জুলাই জাদুঘর পরিচালনা পর্ষদের সদস্য সানজিদা ইসলাম তুলি এমপি, আবরার ইলিয়াস ও মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ , সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক তানজিম ওয়াহাব এবং জুলাই জাদুঘরের মহাপরিচালক উপস্থিত ছিলেন।










