বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাকসু’র সাবেক সিনেট সদস্য জহুরুল ইসলাম বাবু লিভার সংক্রান্ত জটিলতায় আজ রাত ৮-৩০ মিনিটে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (সাবেক পিজি হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। জহুরুল ইসলাম বাবু’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
আজ এক শোকবার্তায় বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “জহুরুল ইসলাম বাবু’র মৃত্যুতে আমি তার শোকাহত পরিবার-পরিজনদের প্রতি গভীর শোক ও সহানুভুতি জ্ঞাপন করছি। ছাত্রজীবন থেকেই মরহুম বাবু ছাত্ররাজনীতির সাথে যুক্ত ছিলেন। তিনি সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শে গভীরভাবে বিশ্বাসী ছিলেন। স্বৈরাচার বিরোধী সকল গণতান্ত্রিক আন্দোলনে তিনি সাহসী ভূমিকা পালন করেছেন। রাজনীতির পাশাপাশি খেলাধুলার সঙ্গেও তিনি ওৎপ্রোতভাবে জড়িত ছিলেন। তিনি একজন চৌকস ক্রিকেটার হিসেবেও সবার নিকট সুপরিচিত ছিলেন। মহান রাব্বুল আলামীনের দরবারে দোয়া করি তিনি যেন তাকে জান্নাত নসীব এবং শোকাহত পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।”
বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।




