লোড হচ্ছে...
বগুড়ায় সার পরিবহন ও বিক্রয়ে অনিয়ম, গুদাম সিলগালা ও ডিলারকে জরিমানা - Daily Crime Report

বগুড়ায় সার পরিবহন ও বিক্রয়ে অনিয়ম, গুদাম সিলগালা ও ডিলারকে জরিমানা

July 20, 2026 12:22 PM

কৃষি ডেস্কঃ বগুড়া জেলার আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নে সার পরিবহনের সময় ক্যাশ মেমো দেখাতে না পারা এবং গুদামে মজুত সারের সঠিক হিসাব দিতে ব্যর্থ হওয়ায় মেসার্স কাশেম এন্টারপ্রাইজকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রতিষ্ঠানটির গুদাম সিলগালা করা হয়েছে।

গতকাল রোববার (১৯ জুলাই) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৪টার দিকে উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের বিএডিসির ডিলার মেসার্স কাশেম এন্টারপ্রাইজ ক্যাশ মেমো ছাড়াই আদমদীঘি সদর ইউনিয়নের মেসার্স খন্দকার ট্রেডার্সের কাছে ডিএপি ও এমওপি রাসায়নিক সার পরিবহন করছিল। এ সময় উপজেলার তালশন কালীবাড়ি এলাকায় সারবাহী গাড়িটি আটক করা হয়। পরে সংশ্লিষ্টরা সারের ক্যাশ মেমো দেখাতে এবং গুদামে মজুত সারের সঠিক হিসাব দিতে ব্যর্থ হন।

এ ঘটনায় রোববার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেসার্স কাশেম এন্টারপ্রাইজকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটির গুদাম সিলগালা করা হয়।

অভিযানকালে উপজেলা কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম, আদমদীঘি থানার উপপরিদর্শক সোহাগ হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম বলেন, কৃষকদের স্বার্থ রক্ষা এবং সারের অবৈধ মজুত ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সংবাদটি শেয়ার করুন
🔗 3 শেয়ার
ফন্ট সাইজ:

Leave a Comment