লোড হচ্ছে...
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের ৩৪তম পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত - Daily Crime Report

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের ৩৪তম পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত

August 9, 2026 3:20 PM

২১৯৯ জন শ্রমিক ও তাঁদের পরিবারকে ১২.৯৮ কোটি টাকার অনুদান এবং ৬৮.৫০ কোটি টাকার বাজেট অনুমোদন

ঢাকা, ০৯ আগস্ট ২০২৬:
শ্রমিক সমাজের কল্যাণ নিশ্চিত করা, দুর্যোগ-দুর্দিনে তাঁদের পাশে দাঁড়ানো এবং সামাজিক নিরাপত্তা বলয় জোরদার করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকারমূলক লক্ষ্য হিসেবে উল্লেখ করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

আজ দুপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের ৩৪তম সভা শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমাদের জাতীয় অর্থনীতিকে গতিশীল রাখতে এবং উৎপাদন ব্যবস্থার চাকা সচল রাখতে দেশের প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক উভয় খাতের শ্রমজীবী ভাই-বোনেরা দিনরাত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। শ্রমিকদের অক্লান্ত পরিশ্রম ও ঘামের ওপর ভর করেই আজ আমাদের উন্নয়ন পথপরিক্রমা ত্বরান্বিত হচ্ছে।

তিনি আরো বলেন, কোন শ্রমজীবী মানুষ যেন বিপদে নিঃসঙ্গ বোধ না করেন এটাই আমাদের লক্ষ্য। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন সবসময় শ্রমিক ভাই-বোনদের অধিকার ও জীবনের নিরাপত্তা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। সরকারি কর্মকর্তা, মালিকপক্ষ ও শ্রমিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগে আমরা একটি সুষম, কর্মবান্ধব ও শোষণে মুক্ত শ্রমনীতি ও পরিবেশ গড়ে তুলতে সক্ষম হব বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।

উক্ত বোর্ড সভায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতে কর্মরত মোট ২,১৯৯ জন শ্রমিক ও তাঁদের পরিবারকে ১২,৯৮,৬৫,০০০/- (বারো কোটি ৯৮ লাখ ৬৫ হাজার) টাকার আর্থিক অনুদান অনুমোদন করা হয় এবং ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য ৬৮,৫০,১০,০০০/- (আটষট্টি কোটি ৫০ লাখ ১০ হাজার) টাকার বাজেট অনুমোদন করা হয়।

সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুর রউফ তালুকদার, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক মোহাম্মদ কুদ্দুছ আলী সরকার, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং শ্রমিকপক্ষ ও মালিকপক্ষের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন
🔗 0 শেয়ার
ফন্ট সাইজ:

Leave a Comment