কৃষি ডেক্স:
ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু পরিকল্পিত নগরায়ন নিশ্চিত করতে ব্যাপক বৃক্ষরোপণ এবং গাছের নিয়মিত পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেছেন।
তিনি বলেছেন, রাজশাহীকে একটি পরিকল্পিত ও সবুজ নগরীতে গড়ে তুলতে শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, প্রতিটি গাছের যথাযথ পরিচর্যাও নিশ্চিত করতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং টেকসই নগরায়নের জন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্থানীয় সরকার ও সাধারণ মানুষকে সমন্বিতভাবে সবুজায়ন কর্মসূচিতে সম্পৃক্ত হতে হবে।
শনিবার (২৫ জুলাই) রাজশাহী জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ, রাজশাহীর যৌথ উদ্যোগে কেন্দ্রীয় বোটানিকেল গার্ডেন ও চিড়িয়াখানার সংলগ্ন নজরুল ভিলেজ প্রাঙ্গণে আয়োজিত ১৫ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষমেলা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ভূমিমন্ত্রী বলেন, বৃক্ষরোপণ ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে রাজশাহীর উল্লেখযোগ্য সাফল্য রয়েছে। সেই অর্জনের ধারাবাহিকতা ধরে রাখতে পরিকল্পিত নগরায়নের পাশাপাশি সবুজায়নকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। গাছ লাগানো একটি দায়িত্ব, আর সেই গাছ বাঁচিয়ে রাখাই আরও বড় দায়িত্ব। তিনি বলেন, শুধু বৃক্ষরোপণ নয়, প্রতিটি গাছের নিয়মিত পরিচর্যা নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ, পুলিশ সুপার নাইমুল হাসান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ইশা এবং অতিরিক্ত বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান।
১৫ দিনব্যাপী এ মেলায় ৫২টি স্টল অংশ নিয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে।










