রাজশাহী মহানগরকে আরও নিরাপদ, স্মার্ট ও প্রযুক্তিনির্ভর নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মহানগরজুড়ে সার্বক্ষণিক নজরদারি জোরদার করতে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশকে ১৫৫টি অত্যাধুনিক সিসি ক্যামেরা হস্তান্তর করা হয়েছে। এ উদ্যোগ মহানগরবাসীর নিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ দমন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
২৬ জুলাই রবিবার দুপুরে আরএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন আনুষ্ঠানিকভাবে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির এর হাতে সিসি ক্যামেরাগুলো হস্তান্তর করেন।
হস্তান্তরকৃত ক্যামেরাগুলো পর্যায়ক্রমে রাজশাহী মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, জনসমাগমস্থল এবং অপরাধপ্রবণ এলাকাগুলোতে স্থাপন করা হবে। এর ফলে সার্বক্ষণিক নজরদারি আরও কার্যকর হবে, অপরাধ প্রতিরোধ ও অপরাধী শনাক্তকরণ সহজতর হবে, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটবে এবং ট্রাফিক ব্যবস্থাপনা আরও আধুনিক ও গতিশীল হবে। পাশাপাশি যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেও এ প্রযুক্তি গুরুত্বপূর্ণ সহায়ক হিসেবে কাজ করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর) ও অতিরিক্ত দায়িত্বে অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম; বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি)
মোঃ আবুল কালাম সাহিদ; উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) ও আরএমপির মুখপাত্র মোঃ গাজিউর রহমান, পিপিএমসহ আরএমপির উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।
অথিতিরা বলেন রাজশাহী মহানগরকে নিরাপদ, স্মার্ট ও জনবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও রাজশাহী সিটি কর্পোরেশন ভবিষ্যতেও সমন্বিতভাবে কাজ করে যাবে।










