সুনামগঞ্জে সিলেট রেঞ্জের ডিআইজি জিল্লুর রহমান এর দ্বি-বার্ষিক পরিদর্শন।
আজ মঙ্গলবার ২৫ আগস্ট সুনামগঞ্জ জেলায় দ্বি-বার্ষিক পরিদর্শনে আসেন সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমান.
সুনামগঞ্জে আগমনকালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন, পিপিএম। পরবর্তীতে জেলা পুলিশের একটি সুসজ্জিত ও চৌকস দল মাননীয় ডিআইজি কে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করে।
দ্বি-বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে ডিআইজি তাহিরপুর সার্কেল অফিসের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি সার্কেল অফিসের গুরুত্বপূর্ণ নথিপত্র ও বিভিন্ন রেজিস্টার পর্যালোচনা করেন এবং দায়িত্ব পালনে আরও আন্তরিকতা, পেশাদারিত্ব, সততা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন, পিপিএমসহ জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাঁরা জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং চলমান পুলিশি কার্যক্রম সম্পর্কে ডিআইজি জিল্লুর রহমান কে অবহিত করেন।
পরিদর্শন শেষে ডিআইজি জিল্লুর রহমান সুনামগঞ্জ জেলা পুলিশের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি জনগণের দোরগোড়ায় আরও উন্নত ও মানবিক পুলিশি সেবা পৌঁছে দিতে সংশ্লিষ্ট সকলকে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।










