সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী অসুস্থ থাকার সুযোগ নিয়ে গলায় রামদা ধরে বাড়িসহ সম্পত্তির দলিল রেজিস্ট্রি করে নেওয়ার অভিযোগ উঠেছে তার সৎ ভাইদের বিরুদ্ধে। এ ঘটনায় এমপির স্ত্রী পারভিন আক্তার তার তিন সৎ ভাইসহ আটজনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন।
সোমবার (১০ আগস্ট) দিরাই আদালতে মামলাটি দায়ের করা হয়। মামলায় নাছির উদ্দিন চৌধুরীর সৎ ভাই মঈন উদ্দিন চৌধুরী মাসুক, মিজানুর রহমান চৌধুরী ও মোসলেহ উদ্দিন চৌধুরীসহ আটজনকে আসামি করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, নাছির উদ্দিন চৌধুরী অসুস্থ ও শারীরিকভাবে অক্ষম থাকার সুযোগ নিয়ে তার স্ত্রী ও সন্তানদের সম্পত্তি থেকে বঞ্চিত করার পরিকল্পনা করেন আসামিরা। এর অংশ হিসেবে ২০২২ সালের ২৫ জানুয়ারি দিরাই সাব-রেজিস্ট্রার কার্যালয়ের দুই কর্মচারীকে কর্মকর্তা পরিচয়ে নাছির উদ্দিন চৌধুরীর বাড়িতে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, অসুস্থ নাছির উদ্দিন একটি দলিলে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানালে একপর্যায়ে তার গলায় রামদা ধরে স্বাক্ষর না করলে হত্যার হুমকি দেওয়া হয়। এ সময় তার অপর স্ত্রী শেলী চৌধুরী বাধা দিতে গেলে তাকেও হত্যার হুমকি দেওয়া হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
মামলায় আরও দাবি করা হয়েছে, ওই সময় নাছির উদ্দিন চৌধুরীকে দেখতে যাওয়া তার এক সমর্থক ওয়াকিব হাসান ঘটনাটি দেখতে পান। পরে তাকে ভয়ভীতি দেখিয়ে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগও করা হয়েছে।
এছাড়া ২০২২ সালের জানুয়ারিতে নাছির উদ্দিন চৌধুরীর দিরাইয়ের বাড়িতে গেলে তার স্ত্রী পারভিন আক্তারকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগও মামলায় আনা হয়েছে।
মামলাটি আমলে নিয়ে দিরাই আদালতের আমলগ্রহণকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জসিম তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)কে নির্দেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পেশকার মুহিত লাল চন্দ মিঠু।
মামলার বাদী পারভিন আক্তার বলেন, নাছির উদ্দিন স্ট্রোক করার পর অসুস্থ অবস্থায় গলায় দা ধরে তার বাড়ি লিখে নেওয়া হয়েছিল। তিনি জানান, বাড়িটি নাছির উদ্দিন এমপি ও উপজেলা চেয়ারম্যান হওয়ার আগেই নির্মাণ করেছিলেন এবং সম্পত্তিটি ফিরে পেতে তিনি আগে থেকেই আইনি পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছিলেন। পরে পাওয়ার অব অ্যাটর্নি পাওয়ার পর তিনি আদালতের শরণাপন্ন হয়েছেন।
তবে অভিযোগ অস্বীকার করেছেন মামলার অন্যতম আসামি নাছির উদ্দিন চৌধুরীর সৎ ভাই মঈন উদ্দিন চৌধুরী মাসুক। তিনি বলেন, মামলা হয়েছে, সেটিও তিনি জানেন না। অভিযোগের বিষয়ে জানার পর আইনিভাবে জবাব দেবেন। গলায় দা ধরে সম্পত্তি লিখে নেওয়ার অভিযোগকে তিনি ‘সত্য নয়’ বলে দাবি করেন।










