গোয়াইনঘাট উপজেলা প্রতিনিধি।
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী রুস্তমপুর কলেজের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২০২৬ সালে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশরাফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক একাধিকবারের চেয়ারম্যান, জননেতা আব্দুল হাকিম চৌধুরী।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুবুল আলম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীনসহ কলেজের দাতা সদস্য, নুর আহমদ সহ রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার অতিথিরা।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল হাকিম চৌধুরী বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সুনাম ও মর্যাদা ধরে রাখতে হলে শিক্ষার মান উন্নয়নের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার পরিবেশ উন্নত করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, শিক্ষার মান উন্নয়নের মাধ্যমেই একটি প্রতিষ্ঠান সুনাম ও সফলতা অর্জন করতে পারে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানকে ঘিরে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সুধীজনের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।









