১২ আগষ্ট বিকাল ৩ ঘটিকায় এসএমপি’র পুলিশ লাইন্স হলরুমে সিলেট মেট্রোপলিটন পুলিশের মান্যবর পুলিশ কমিশনার জনাব সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম মহোদয়ের সভাপতিত্বে সিলেট মহানগরীর আবাসিক হোটেল মালিকগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় আবাসিক হোটেল মালিক ও প্রতিনিধিগণ হোটেলে মাদকদ্রব্য সেবন, কিশোর গ্যাং, অনলাইন জুয়া, ভুয়া পরিচয়পত্র ও মোবাইল নম্বর ব্যবহার, চাঁদাবাজি, চুরি-ছিনতাই, যানজট এবং পর্যটনকেন্দ্রে অতিথি হয়রানিসহ বিভিন্ন সমস্যা ও উদ্বেগ তুলে ধরেন। এসব সমস্যা প্রতিরোধে পুলিশের সহযোগিতা এবং পুলিশ ও হোটেল মালিকদের মধ্যে পারস্পরিক সমন্বয় ও তথ্য আদান-প্রদান জোরদারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।
পুলিশ কমিশনার মহোদয় বক্তব্যে আবাসিক হোটেলসমূহে মাদকদ্রব্য সেবন ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে হোটেল মালিকদের সতর্ক ও সজাগ থাকার নির্দেশনা প্রদান করেন। তিনি হোটেলে অবস্থানকারী অতিথিদের পরিচয় যথাযথভাবে যাচাই ও তথ্য সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। কোনো অতিথি বা ব্যক্তির আচরণ সন্দেহজনক মনে হলে কিংবা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বা অপরাধমূলক কর্মকাণ্ডের আশঙ্কা দেখা দিলে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, সিলেট একটি পবিত্র ও পর্যটনবান্ধব নগরী। তাই নগরীর নিরাপদ ও সুষ্ঠু পরিবেশ এবং সুনাম অক্ষুণ্ণ রাখতে পুলিশ ও আবাসিক হোটেল মালিকদের পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। পাশাপাশি, হোটেল মালিকদের উত্থাপিত বিভিন্ন সমস্যা ও পরামর্শ গুরুত্বসহকারে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।
সভায় সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ এবং আবাসিক হোটেল মালিক ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।










