গোয়াইনঘাট প্রতিনিধি:
আজ ৭ অক্টোবর সকালে ১৩নং বিছানাকান্দি ইউনিয়ন পরিষদের প্রশাসক বদরুল ইসলামের সভাপতিত্বে ও ওয়ার্ড সদস্য দিলীপ কান্তি দাশের পরিচালনায় সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১৩নং বিছনাকান্দি ইউনিয়ন পরিষদের উদ্যোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসাইন। তিনি বলেন, “মাদক নিয়ন্ত্রণে আনতে হলে প্রশাসনের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের দায়িত্ব আরও বাড়াতে হবে। মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
এ সময় উপজেলা যুবদল নেতা জৈন উদ্দীন বলেন, “আমাদের লজ্জা হয় যে ইউনিয়নে মাদক এমন ভাবে বেড়েছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে।”
বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, এর প্রভাব পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের ওপরও পড়ে। তাই মাদক নিয়ন্ত্রণে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, অভিভাবক ও স্থানীয় জনগণকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।










