এখন থেকে সিলেট শহরে ভবন নির্মাণে সিউকের অনুমোদন বাধ্যতামূলক
সিলেট মহানগরী ও আশপাশের এলাকায় পরিকল্পিত নগরায়ন নিশ্চিত করতে কার্যক্রম শুরু করেছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। এখন থেকে সিউকের আওতাধীন এলাকায় ভবন নির্মাণ, ভবনের সম্প্রসারণ বা কাঠামোগত পরিবর্তনের আগে কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে।
সিউকের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সিউকের আওতাধীন এলাকায় ভবন নির্মাণের নকশা অনুমোদনের পাশাপাশি ভূমি ব্যবহারের ছাড়পত্র এবং জলাধার খনন বা পুনঃখননের জন্যও সিউকের কাছে আবেদন করতে হবে।
এ জন্য সিউকের তালিকাভুক্ত স্থপতি, প্রকৌশলী বা নকশাকারকের মাধ্যমে ভূমি জরিপ, মাটি পরীক্ষা ও প্রয়োজনীয় নকশা তৈরি করে আবেদন জমা দিতে হবে।
নির্মাণকাজে ইমারত নির্মাণ আইন-১৯৫২, ইমারত নির্মাণ বিধিমালা-১৯৯৬ এবং বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি)-২০২০ অনুসরণ করতে হবে।
এ ছাড়া রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী সিউকের আওতাধীন এলাকায় কাজ করা ডেভেলপার প্রতিষ্ঠানগুলোকে কর্তৃপক্ষের কাছে নিবন্ধিত হতে হবে।
সিউকের অনুমোদন ছাড়া নির্মাণ করলে ব্যবস্থা
গণবিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা হয়েছে, অনুমোদিত নকশা অনুযায়ীই ভবন নির্মাণ করতে হবে। নকশার বাইরে গিয়ে কোনো ধরনের নির্মাণ বা পরিবর্তন করা যাবে না।
পাশাপাশি অবৈধভাবে জমি দখল, জলাশয় ভরাট এবং পরিবেশের ক্ষতি হয় এমন কর্মকাণ্ড থেকেও বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন-২০২৩-এর ৫৪ ধারার কথা উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইন কার্যকর হওয়ার পর সিউকের অনুমোদন ছাড়া অন্য কোনো কর্তৃপক্ষের কাছ থেকে নেওয়া অনুমোদন অকার্যকর ও অননুমোদিত হিসেবে বিবেচিত হবে।
আইন ও বিধিমালা অমান্য করে কোনো কার্যক্রম পরিচালনা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে কর্তৃপক্ষ।
সিলেটবাসীর জন্য গুরুত্বপূর্ণ এই নতুন ব্যবস্থার আওতায় ভবন নির্মাণ বা ভূমি ব্যবহারের কোনো উদ্যোগ নেওয়ার আগে সিউকের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় অনুমোদন ও পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
সিউকের কার্যালয়: ২৯/এ ফরচুন গার্ডেন, বঙ্গবীর রোড, নাইওরপুল, সিলেট।










