লোড হচ্ছে...
অস্ত্রের মহড়ায় আতঙ্ক: সিলেটে ছিনতাইচেষ্টার অভিযোগে তিনজন কারাগারে - Daily Crime Report

অস্ত্রের মহড়ায় আতঙ্ক: সিলেটে ছিনতাইচেষ্টার অভিযোগে তিনজন কারাগারে

August 4, 2026 11:03 AM

অস্ত্রের মহড়ায় আতঙ্ক: সিলেটে ছিনতাইচেষ্টার অভিযোগে তিনজন কারাগারে

সিলেটের ওসমানীনগরের ব্যস্ত বাণিজ্যিক এলাকা গোয়ালাবাজারে প্রকাশ্যে ধারালো অস্ত্রের মহড়া দিয়ে ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে তিনজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় জনতা। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ঘটনাটি ঘটে রোববার (২ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দক্ষিণ গোয়ালাবাজার বুরুঙ্গা অটোরিকশা স্ট্যান্ড এলাকায়।

আটক ব্যক্তিরা হলেন, বুরুঙ্গাবাজার ইউনিয়নের নিজ বুরুঙ্গা গ্রামের আব্দুল জলিলের ছেলে শিপন আহমদ (৩৮), একই গ্রামের দুলা চৌধুরীর ছেলে রোমান চৌধুরী (২৫) এবং ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া উপজেলার মৃত সুলতান মিয়ার ছেলে মো. মাসুদ রানা নিরব (৩০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যা ৬টার দিকে সিএনজি অটোরিকশা চালক রিপন আলীকে লক্ষ্য করে ধারালো চাপাতি, বটি (দা) ও ডেগার নিয়ে হামলা চালিয়ে ছিনতাইয়ের চেষ্টা করে অভিযুক্তরা। এ সময় রিপন আলীর চিৎকারে আশপাশের অটোরিকশা চালক ও স্থানীয় লোকজন এগিয়ে এসে তিনজনকে দেশীয় অস্ত্রসহ আটক করেন।

খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের জনতার কাছ থেকে হেফাজতে নেয় এবং জব্দ করা অস্ত্রসহ থানায় নিয়ে যায়।

এ ঘটনায় গোয়ালাবাজার ইউনিয়নের জায়ফরপুর গ্রামের বাসিন্দা ও সিএনজি অটোরিকশা চালক রিপন আলী বাদী হয়ে ওসমানীনগর থানায় ছিনতাইচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন।

বাদী রিপন আলী জানান, অভিযুক্তরা ধারালো অস্ত্র দেখিয়ে ভয়ভীতি সৃষ্টি করে তার কাছ থেকে ছিনতাইয়ের চেষ্টা চালায়। স্থানীয়দের তাৎক্ষণিক সহযোগিতায় তিনি রক্ষা পান এবং অভিযুক্তদের আটক করা সম্ভব হয়।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক তিনজনের বিরুদ্ধে ছিনতাইচেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে তাদের আদালতের মাধ্যমে সিলেট জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন
🔗 0 শেয়ার
ফন্ট সাইজ:

Leave a Comment