স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার-বরমচাল সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় আসাদুজ্জামান (৩৫) নামে রেনাটা ঔষধ কোম্পানির এক বিক্রয় প্রতিনিধির মৃত্যু হয়েছে। এ ঘটনায় সঞ্জয় নামে অপর এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১৯ আগস্ট) দুপুরের দিকে বরমচালের সিংগুর উচ্চ বিদ্যালয়ের সাইনবোর্ডসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের সহকর্মী খোরশেদ আলম জানান, ভাটেরা বাজার থেকে কুলাউড়া শহরের দিকে ফেরার পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা বাঁশঝাড়ের সঙ্গে ধাক্কা লাগে। এতে দুই আরোহী মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আহত হন। চালক হেলমেট পরা থাকায় তুলনামূলক কম আহত হলেও পেছনে থাকা আসাদুজ্জামান গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আসাদুজ্জামানকে মৃত ঘোষণা করেন। তাঁর মরদেহ চাঁপাইনবাবগঞ্জে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
নিহত আসাদুজ্জামানের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়। তিনি বিবাহিত ছিলেন। স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে কুলাউড়ায় বসবাস করতেন।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, “বিষয়টি আমাকে কেউ অবগত করেনি। জানলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”










