কোম্পানীগঞ্জ প্রতিনিধি।
সিলেটের কোম্পানীগঞ্জ থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ উছমান গনি। শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ১১টা থানার ওসি (তদন্ত) সুজন চন্দ্র কর্মকারের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন তিনি। এর আগে বৃহস্পতিবার সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মোহাম্মদ যাবের সাদেক স্বাক্ষরিত এক অফিস আদেশে তাঁকে কোম্পানীগঞ্জ থানায় পদায়ন করা হয়।
শেরপুরের নকলা উপজেলার বাসিন্দা মোহাম্মদ উছমান গনি ১৯৯৬ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। দীর্ঘ প্রায় ৩০ বছর ৪ মাসের চাকরি জীবনে তিনি জৈন্তাপুর থানার ওসি (তদন্ত)সহ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ঢাকার অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে এলএলবি (অনার্স) ডিগ্রি অর্জন করেন।
দায়িত্ব গ্রহণের পর নতুন ওসি মোহাম্মদ উছমান গনি বলেন, কোম্পানীগঞ্জে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। মাদক, জুয়া, চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। তিনি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত কোম্পানীগঞ্জ গড়ে তুলতে সাংবাদিক, জনপ্রতিনিধি এবং সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করেন।










