লোড হচ্ছে...
গোয়াইনঘাটে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত - Daily Crime Report

গোয়াইনঘাটে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

July 28, 2026 12:11 PM

মাদক মানবপাচার অবৈধ বালু-পাথর উত্তোলন ও অবৈধ ট্যাক্স আদায় বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান

সিলেটের গোয়াইনঘাট উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা (২৮ জুলাই ২০২৬) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকারিয়া হোসেন। সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা গোয়াইনঘাট থানার প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, গোয়াইনঘাট প্রেসক্লাব, গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাবের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় গোয়াইনঘাট উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে মাদকদ্রব্যের বিস্তার, মানবপাচার, সীমান্ত দিয়ে ভারতীয় গরু-মহিষের অবৈধ প্রবেশ ও বেচাকেনা, সরকারি ইজারার বাইরে থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন এবং বিভিন্ন ইউনিয়নের নামে অবৈধভাবে ট্যাক্স আদায়ের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।

আলোচনায় বক্তারা বলেন, এসব অবৈধ কর্মকাণ্ডের কারণে সরকার যেমন রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে, তেমনি আইন-শৃঙ্খলা পরিস্থিতিও বিঘ্নিত হচ্ছে। তাই এসব অপরাধ প্রতিরোধে প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় উপস্থিত প্রতিনিধিরা মাদক,মানবপাচার, অবৈধ বালু-পাথর উত্তোলন, ভারতীয় গরু-মহিষের চোরাচালান এবং অবৈধ ট্যাক্স আদায়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা ও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানা পুলিশ এবং সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকারিয়া হোসেন বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা ও অবৈধ কর্মকাণ্ড দমনে প্রশাসন সর্বদা আন্তরিক। এ ক্ষেত্রে জনগণের সচেতনতা, গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সভা শেষে গোয়াইনঘাট উপজেলার শান্তি, নিরাপত্তা ও সুশাসন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।।

এই সংবাদটি শেয়ার করুন
🔗 0 শেয়ার
ফন্ট সাইজ:

Leave a Comment