গোয়াইনঘাট প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১৩নং বিছনাকান্দি ইউনিয়নে ভিতরগুল দমদমিয় এলাকা তেকে রাতের আঁধারে সরকারি জায়গার গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। সম্প্রতি এমন একটি গাছ কেটে ফেলার দৃশ্য স্থানীয়দের নজরে আসে। গাছটির কাটা অংশ ও পড়ে থাকা শিকড়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়।
স্থানীয় সচেতন মহলের অভিযোগ, রাতের সুযোগ কাজে লাগিয়ে কে বা কারা সরকারি মালিকানাধীন গাছ কেটে নিয়ে যাচ্ছে। এ ধরনের ঘটনা পরিবেশের জন্য যেমন ক্ষতিকর, তেমনি সরকারি সম্পদ রক্ষার ক্ষেত্রেও উদ্বেগজনক।
এলাকার সচেতন নাগরিকরা বলেন, সরকারি সম্পদ রক্ষার দায়িত্ব সবার। প্রকাশ্যে কিংবা রাতের আঁধারে সরকারি গাছ কেটে নেওয়ার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিষয়টি তদন্ত করে গাছ কাটার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। পাশাপাশি ভবিষ্যতে যাতে সরকারি জায়গার গাছ অবৈধভাবে কেটে নেওয়া না হয়, সেজন্য নিয়মিত তদারকিরও দাবি উঠেছে।









