সিলেটে প্রথমবারের মতো সফরে এসে বন্ধ থাকা পাথর কোয়ারি চালুর বিষয়ে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মো. সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, পরিবেশ, স্থানীয় মানুষের কর্মসংস্থান, আদালতের রায় এবং দেশের বাস্তব প্রয়োজন—সবকিছু বিবেচনায় নিয়েই বালু-পাথর আহরণ সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সিলেট সার্কিট হাউজে জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পাথর ও বালু আহরণ নিয়ে সরকার গঠিত জাতীয় কমিটির সিদ্ধান্ত বাস্তবায়ন ও তদারকিতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এ জন্য জেলা প্রশাসন, পুলিশ, বিজিবিসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি বলেন, বিষয়টি নিয়ে কোনো একক দিক বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে না। পরিবেশ রক্ষা, স্থানীয় মানুষের জীবন-জীবিকা ও কর্মসংস্থান, আদালতের নির্দেশনা এবং দেশের প্রয়োজন—সবকিছু সমন্বয় করেই সমাধানের পথ খোঁজা হচ্ছে।
সভায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কঠোর বার্তা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কেউ চাঁদাবাজি করলে তা কোনোভাবেই বরদাশত করা হবে না বলেও সতর্ক করেন।
লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে তথ্যদাতাদের উৎসাহিত করতে সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়ার ঘোষণা দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
মব সৃষ্টি ও আইন নিজের হাতে তুলে নেওয়ার বিষয়েও সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করেন তিনি। দাবি আদায়ের নামে সড়ক অবরোধ কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি না করে নিয়মতান্ত্রিক ও আইনসম্মত পথে আন্দোলন করার আহ্বান জানান।
সভায় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির মাদক নিয়ন্ত্রণে দ্রুত ও কার্যকর অভিযান পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দেশের শীর্ষ ৫০ মাদক ব্যবসায়ীর তালিকা তৈরি করে অভিযান চালানো গেলে দেড় মাসের মধ্যেই মাদক নিয়ন্ত্রণে দৃশ্যমান পরিবর্তন আনা সম্ভব।
মতবিনিময় সভায় সিলেটের স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসন, পুলিশ, বিজিবিসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।










