-আব্দুল কাইয়ুম চৌধুরী
সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী, বিএনপির বর্ষীয়ান নেতা এম. সাইফুর রহমানের ১৭তম শাহাদাৎবার্ষিকীতে তাঁর স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন সিলেট জেলা বিএনপির নেতৃবৃন্দ।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর নেতৃত্বে নেতৃবৃন্দ এম. সাইফুর রহমানের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। পরে তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন। এ সময় এম. সাইফুর রহমানের ছেলে এম. নাসের রহমান এমপি, সিলেট জেলা বিএনপি নেতৃবৃন্দ এবং মৌলভীবাজারের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, এম. সাইফুর রহমানের ১৭তম শাহাদাৎবার্ষিকীতে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে তাঁকে স্মরণ করছি।তিনি শুধু একজন জাতীয় নেতা ছিলেন না, তিনি ছিলেন আমাদের মতো অসংখ্য নেতাকর্মীর অভিভাবক। আমরা তাঁর স্নেহধন্য হয়ে রাজনীতিতে পথ চলেছি।
সিসিক প্রশাসক বলেন, দীর্ঘ সময় সিলেটের কাঙ্ক্ষিত উন্নয়ন বাধাগ্রস্ত হয়েছে।এখন দেশের মানুষ নতুন করে বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে।সিলেটের মানুষও বিপুলভাবে বিএনপির প্রার্থীদের নির্বাচিত করেছেন।সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে সিলেটের প্রতিনিধিরাও রয়েছেন।আমরা যারা রাষ্ট্র ও সরকারের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করছি, আমাদের প্রত্যেকের লক্ষ্য হওয়া উচিত সিলেটের উন্নয়ন ও অগ্রগতিকে আরও এগিয়ে নেওয়া।
তিনি বলেন, এম. সাইফুর রহমান যেভাবে সিলেটের উন্নয়ন নিয়ে ভাবতেন, সিলেটের মানুষের কল্যাণকে অগ্রাধিকার দিতেন এবং উন্নয়নের জন্য কাজ করতেন, আমরা তাঁর স্নেহধন্য হিসেবে সেই পথ অনুসরণ করতে চাই।আমাদের সামর্থ্য হয়তো তাঁর মতো ব্যাপক নয়, কিন্তু আমরা আমাদের অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করব সিলেটকে আরও উন্নত ও সমৃদ্ধ করার।
এম. সাইফুর রহমানের শাহাদাৎবার্ষিকীতে আমাদের প্রত্যাশা—তাঁর স্বপ্নের সিলেটকে উন্নয়ন ও অগ্রগতির আরও উচ্চতায় নিয়ে যাওয়া।তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং মহান আল্লাহর কাছে তাঁর রুহের মাগফিরাত কামনা করি।
এদিকে, এম. সাইফুর রহমানের ১৭তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা বিএনপির উদ্যোগে শনিবার (৫ সেপ্টেম্বর) বাদ মাগরিব হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে এম. সাইফুর রহমানের কর্মময় জীবনের ওপর আলোকপাত করে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি, সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।









