সিলেট মেট্রোপলিটন পুলিশের মান্যবর পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম মহোদয়ের নির্দেশনায় মহানগরবাসীর জন্য একটি মাদকমুক্ত, নিরাপদ ও সচেতন সমাজ গড়ে তোলার লক্ষ্যে মাসব্যাপী মাদকবিরোধী র্যালি ও সমাবেশ কর্মসূচি ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় অদ্য ২৩ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দে নগরীর মোগলাবাজার থানাধীন রাখালগঞ্জ বাজার, দাউদপুর ০৯নং ওয়ার্ডে এবং দক্ষিণ সুরমা থানাধীন ০৬ নং লালাবাজার ইউনিয়ন এলাকায় পৃথকভাবে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানগুলোতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধিবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, ধর্মীয় নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, সর্বস্তরের জনগণ এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা বলেন, মাদকের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টি এবং সামাজিক প্রতিরোধ জোরদার করাই বর্তমান সময়ের অন্যতম প্রধান চ্যালেঞ্জ। তারা উল্লেখ করেন, মাদকের ছোবল একজন ব্যক্তির ভবিষ্যৎ নষ্ট করার পাশাপাশি পরিবারে অশান্তি সৃষ্টি করে, সামাজিক শৃঙ্খলা ব্যাহত করে এবং জাতীয় উন্নয়ন কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করে। তাই শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার ও সমাজকে একযোগে তরুণদের নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে হবে এবং মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতে হবে।
বক্তারা আরও বলেন, একটি মাদকমুক্ত সমাজ গড়ে তোলা শুধু আইন প্রয়োগকারী সংস্থার দায়িত্ব নয়; এটি সমাজের প্রতিটি নাগরিকের নৈতিক ও সামাজিক দায়িত্ব। মাদকের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে অভিভাবক, শিক্ষক, ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং সচেতন নাগরিকদের সমন্বিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতা অপরিহার্য। তারা সবাইকে নিজ নিজ অবস্থান থেকে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে সুরক্ষিত রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।









