নিউজ ডেক্স: সিলেট মেট্রোপলিটন পুলিশের ডিবি-সাইবার ক্রাইম ইউনিট এবং GenieA Team এর বিশেষ প্রচেষ্টায় হারিয়ে যাওয়া ৪৪টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর :
বিভিন্ন সময়ে সিলেট মহানগর এলাকায় হারিয়ে যাওয়া ৪৪টি মোবাইল ফোন ডিবি-সাইবার ক্রাইম ইউনিট এবং GenieA Team কর্তৃক উদ্ধার করে অদ্য রবিবার (২৬ জুলাই, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম মহোদয় উদ্ধারকৃত মোবাইল ফোন সেটগুলো প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন।
বিভিন্নভাবে হারিয়ে যাওয়ার ঘটনায় প্রকৃত মোবাইল ফোন মালিকদের সাধারণ ডায়েরির (জিডি) প্রেক্ষিতে তথ্য-প্রযুক্তির সহায়তায় নিরলস পরিশ্রম করে ডিবি-সাইবার ক্রাইম ইউনিট এবং GenieA Team কর্তৃক মোবাইল ফোনগুলো উদ্ধার করা হয়।
পুলিশ কমিশনার মহোদয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধান এবং মোবাইল ফোন উদ্ধার টিমের আন্তরিক প্রচেষ্টার ফলশ্রুতিতে সিলেট মহানগর এলাকার ছয়টি থানা হতে প্রাপ্ত সর্বমোট ৫৭০টি জিডি পর্যালোচনা করে ৪৪টি মোবাইল ফোন উদ্ধার করা সম্ভব হয়েছে।
পুলিশ কমিশনার মহোদয় গত ২২/০২/২০২৬ ফোন উদ্ধার টিম গঠন করেন। মোবাইল ফোন উদ্ধার টিম গঠন হওয়ার পর হতে অদ্যবধি পর্যন্ত সর্বমোট ২৭৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
হারিয়ে যাওয়া শখের মোবাইল ফোন ফিরে পেয়ে সবাই সিলেট মেট্রোপলিটন পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে হারানো মোবাইল ফোন ফিরে পাওয়ার আনন্দে অনেকের চোখে-মুখে ফুটে ওঠে স্বস্তি ও সন্তুষ্টির ছাপ।
সচেতনতামূলক বার্তা: ব্যবহৃত মোবাইল ফোন অথবা যে কোন ইলেক্ট্রনিক ডিভাইস কেনার ক্ষেত্রে সামান্য অসতর্কতা আইনি জটিলতার কারণ হতে পারে। তাই পুরাতন ইলেক্ট্রনিক ডিভাইস ক্রয়-বিক্রয়ের সময় অবশ্যই বিক্রেতার পরিচয় ও বৈধ কাগজপত্র যাচাই করুন। রসিদ বা মেমো সংরক্ষণ করুন এবং ডিভাইসের বক্সে উল্লেখিত IMEI নম্বরের সঙ্গে মোবাইল সেটের IMEI নম্বর মিলিয়ে নিন। বিশেষ করে রাস্তাঘাটে বা অপরিচিত ব্যক্তির কাছ অথবা অনলাইন প্লাটফর্ম Facebook থেকে অস্বাভাবিক কম মূল্যে কোনো ডিভাইস কেনা থেকে বিরত থাকুন, কারণ সেগুলো চোরাই বা অপরাধের সাথে সংশ্লিষ্ট হওয়ার আশঙ্কা থাকতে পারে।
প্রযুক্তির নিরাপদ ব্যবহার নিশ্চিত করুন। নিরাপত্তায় সিলেট মেট্রোপলিটন পুলিশ সর্বদা আপনার পাশে।









